অনলাইন ডেস্ক।।
দারুণ ফর্মে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। কোপা আমেরিকা, ফিনালিসিমা জয়ের সুবাস নিয়ে এবারের বিশ্বকাপেও বাকিদের চমকে দিতে চায় আকাশি-সাদারা। আর বিশ্বকাপ মানেই তো বাড়তি উন্মাদনা। যে উন্মাদনায় ভাসে অংশ নেওয়া দেশও।
এবার তাই আর্জেন্টাইন দর্শকদের কথা মাথায় রেখে দেশটির সব স্কুলে সরাসরি খেলা দেখার ব্যবস্থা করা হবে। তেমনই ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেমি পারজাইক। উদ্দেশ্য বিশ্বকাপ চলকালে স্কুলে একসঙ্গে বসেই শিক্ষার্থীদের মেসিদের ম্যাচ উপভোগের ব্যবস্থা করা।
সাধারণত আর্জেন্টিনার ম্যাচ থাকলে দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তা ছাড়া স্কুলেও থাকে না তেমন উপস্থিতি। সবাই ম্যাচ দেখতে বাড়িতে বসে যায় টিভি সেটের সামনে। তবে এবার স্কুল খোলা রেখে সবাইকে একসঙ্গে মেসিদের ম্যাচ উপভোগ করাতে চাইছে দেশটির নীতিনির্ধারকরা।
তারই ইঙ্গিত দিলেন জেমি পারজাইক। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের খুদে সমর্থকরা বিশ্বকাপের ম্যাচ দেখার আবদার জানিয়েছে। আমার মতে, এটি গুরুত্বপর্ণ যে তারা স্কুলেই যেন ম্যাচগুলো দেখতে পারে। বিশ্বকাপ খেলাধুলার পাশাপাশি একটি সাংস্কৃতিক উৎসবও। স্কুলগুলোকেও এই সংস্কৃতি ধারণ করতে হবে।’
২১ নভেম্বর থেকে শুরু কাতার বিশ্বকাপ। ৩২ দলের এই মেগা আসরে আর্জেন্টিনা মাঠে নামবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। এবার গ্রুপ পর্বে মেসিরা সৌদি ছাড়াও প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেপিকো ও পোল্যান্ডকে। কাতারের আট ভেন্যুতে হবে এই বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে আসরটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
