নিজস্ব প্রতিবেদক।।
দেশে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধির মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মঙ্গলবার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়।
করোনার প্রাদুর্ভাব ক্রমেই বেড়ে চলছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছাড়িয়েছে ১১ শতাংশ। টানা ছয় দিন তা ৫ শতাংশের বেশি পাওয়া গেছে। এ কারণে করোনার চতুর্থ ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তিন সপ্তাহ ধরে দেশে করোনা সংক্রমণ আবারও বৃদ্ধির দিকে। মঙ্গলবার শনাক্তের হার পাওয়া গেছে ১১ দশমিক ৩ শতাংশ।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অণুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর বা সংস্থার প্রধানদেরকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। একই বছরের মার্চে ডেল্টা ধরনের করোনায় আসে দ্বিতীয় ঢেউ। এ পর্যায়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় গত জুলাইয়ে। একপর্যায়ে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়ে যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
