নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসন

শিক্ষাবার্তা ডেস্কঃ

নার্সিং সেক্টরে অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের মধ্য থেকে উচ্চশিক্ষাপ্রাপ্ত নার্সদের যোগ্যতা ও মেধা অনুযায়ী সংযুক্তিতে নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। এতে নিরসন হচ্ছে নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে শিক্ষক সংকট। নার্সিং শিক্ষার মান উন্নয়নে আমূল পরিবর্তন শুরু হয়েছে। অপরদিকে একসময় নার্সিং অধিদপ্তরে বদলি নিয়ন্ত্রণ করত একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের তালিকা অনুযায়ী ঐ সময় বদলি কমিটি বেশিরভাগ বাস্তবায়ন করত। এটা ছিল ঐ সময় নার্সদের মুখে মুখে। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব (নার্সিং) শাহাদাত হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি বদলি নিয়ন্ত্রণ করায় সিন্ডিকেটের মাথায় হাত। এখন বদলির ক্ষেত্রে ফিরে এসেছে শৃঙ্খলা।

এদিকে সকল জটিলতা নিরসনের মাধ্যমে নার্সিং সেক্টর এগিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনএর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল ও স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় নার্সরা আজ দেশে এবং বিদেশে মাস্টার ডিগ্রিসহ বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড কোর্সে অংশগ্রহণ করছেন। ফলে বর্তমানে বিভিন্ন বিষয়ভিত্তিক নার্স তৈরি হচ্ছে। যার সুফল পাচ্ছে দেশের আপামর জনগণ। বিষয়ভিত্তিক প্রশিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার ফলে নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের আরো বেশি মানসম্মত নার্স তৈরি হবে-যা শুধুমাত্র বাংলাদেশের চাহিদা নয়, বিশ্ববাজারে বাংলাদেশের নার্সদের দক্ষতা ও চাহিদা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে নার্সিং পেশাকে সর্ব উত্কৃষ্ট পেশা আখ্যা দিয়ে বলেছেন এর চেয়ে উঁচুমানের পেশা পৃথিবীতে আর একটিও নেই।

-ইত্তেফাক


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.