এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের মুক্ত চেতনার চর্চা করতে হবেঃ প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক।।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষ, পরীক্ষা এবং ডিগ্রি অর্জনের পেছনে ছুটলে হবে না। তাদের মৌলিক জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চা করতে হবে। ছাত্রসমাজের অপরিসীম আত্মত্যাগে সমৃদ্ধ হয়েছে বাঙালি জাতির আত্মপরিচয়ের দীর্ঘ সংগ্রাম। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ জাতির সকল গৌরবগাথায় জড়িয়ে আছে দেশের ছাত্রসমাজ। মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের সীমাহীন ত্যাগের বিনিময়ে এসেছে আমাদের লাল-সবুজ পতাকা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।

প্রধান বিচারপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষকে নিঃস্বার্থ সেবা দেওয়ার মানসিকতা গড়ে তুলে প্রত্যেক শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হতে হবে। আমরা সবাই ধর্ম-বর্ণ, শ্রেণিপেশা নির্বিশেষে অসীম ত্যাগে অর্জিত বাংলাদেশের সন্তান। প্রকৃত মানুষ হতে হলে দেশকে মায়ের মতো ভালবাসতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনায় নিয়োজিত হবে।

সভায় বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। প্রক্টর ড. খোরশেদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুর্জিদ আবেদিন এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান কায়সার। সভায় ববি’র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যুক্ত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.