নিজস্ব প্রতিনিধি।।
কোনো দোকানের কর্মচারী করোনাভাইরাসের ভ্যাকসিন না নিলে দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পলওয়েল সুপার মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, টিকা না নেওয়া থাকলে কোনো কর্মচারীকে দোকান মালিক চাকরিতে রাখতে পারবেন না। নির্দেশনা অমান্য করে মালিক যদি চাকরিতে রাখেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কর্মচারী বা মালিক যদি টিকা না নেয় তাহলে সে দোকান বন্ধ করে দেওয়া হবে। যারা টিকা নিতে অনিচ্ছুক, তাদের জন্য এ ব্যবস্থা।
তিনি বলেন, নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মোহা. শফিকুল ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশে টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এমনকি খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে। আপনি দেখেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখন টিকা ছাড়া যেতে পারছে না।
বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতা ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
