এইমাত্র পাওয়া

৫ বাংলাদেশীর নাম আইপিএলের চুড়ান্ত তালিকায়

স্পোর্টস ডেস্ক।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। সাকিব-মুস্তাফিজ ছাড়া অন্য তিন ক্রিকেটার হলেন- তাসকিন আহমেদ, লিটন দাস এবং শরিফুল ইসলাম।

এর আগে প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী। তবে চূড়ান্ত তালিকা থেকে তারা বাদ পড়েছেন।
চলতি বছরের ২ এপ্রিল থেকে আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা আয়োজন করা হতে পারে ২৭ মার্চ থেকে। তার আগে আগামী মাসের ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।

মেগা এই আসরের জন্য নিবন্ধিত হয়েছেন মোট এক হাজার ২১৪ ক্রিকেটার। যাদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় আর ৩১৮ জন বিদেশি। সাকিব আল হাসানকে তার দল কেকেআর আর মুস্তাফিজকে রাজস্থান ছেড়ে দেয়ায় এই দুই টাইগার ক্রিকেটারও ওঠেন নিলামে। নিলাম থেকে সর্বমোট ২১৭ ক্রিকেটার দল পাবেন।

এর আগে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলামে উঠছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে এবারের আসরে অংশ নেবেন না বলে নিশ্চিত করেছেন জফরা আর্চার, জো রুট, বেন স্টোকস, মিচেল স্টার্ক।

গতবারের মতোই এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যেই নিলামে আছেন। ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.