এইমাত্র পাওয়া

শিক্ষক নিয়োগ নিয়ে সোমবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নির্বাচিতদের নিয়োগপত্র তুলে দিতে সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিন দুপুর ২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী।

রোববার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জনকে সুপারিশ করা হবে।

সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ জানানো হয়।

বাকি প্রার্থীদের মধ্যে ৪ হাজার ১৯৮ জনের পুলিশ ভেরিফিকেশনের ভি রোল ফরম না পাঠানো, নয় জনের প্রতিষ্ঠান সরকারিকরণ হওয়া, তিন জনের নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করাসহ বিভিন্ন কারণে মোট ৪ হাজার ২১০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়নি। যেসব প্রার্থীকে সুপারিশ করা হয়নি তাদের তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

যেসব প্রার্থী ভি রোল ফরম পাঠাননি তাদের আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের প্রাথমিক নির্বাচন বাতিল করা হবে বলে জানানো হয়।

এছাড়াও সরকারি মাধ্যমিক বিদ্যালয় শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগে গত দুই বছর আগে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে সুপারিশ করা হয়। পরবর্তীতে তাদের পুলিশ ভেরিফিকেশনের নামে দুই বছর সময়ক্ষেপণ করা হয়। বর্তমানে সকল প্রক্রিয়া শেষ হওয়ায় তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জন এবং এনটিআরসি’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৪ হাজার ৭৩ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র প্রদান করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.