ভিসির পদত্যাগ দাবিতে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত থেকে আন্দোলন শুরুর পর বৃহস্পতিবার রাতে প্রশাসনিক ভবনের সামনে তারা এই আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। গতকালও তা অব্যাহত ছিল।

অনশনরত শিক্ষার্থীরা ভিসির কুশপুত্তলিকা তৈরি করে তা প্রদর্শন এবং বিভিন্ন স্লোগান দিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪টি বিষয়ের প্রলোভন দেখিয়ে আন্দোলন বন্ধ করতে চেয়েছিল। কিন্তু তাদের এক দফা এক দাবি ‘ভিসির পদত্যাগ’ বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যাতে আন্দোলনকারীরা বাড়ি চলে যায় তার জন্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস বৃহস্পতিবার ফ্রি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় শিক্ষকরা আন্দোলনকারীদের বাড়ি চলে যেতে চাপ প্রয়োগ করছেন বলেও অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী। এছাড়া কিছু ভিসিপন্থি শিক্ষার্থী আন্দোলনকারীদের বিভিন্ন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের সব ন্যায্য দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ তাদের অবস্থান নিশ্চিত করে ১৬টি দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে—শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রে বাক স্বাধীনতা নিশ্চিত করা, স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফরমের দাম কমানো, বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মেধা যাচাই করা ইত্যাদি।

আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, সরকারবিরোধী একটি চক্র ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.