নিজস্ব প্রতিনিধি।।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। এদিন পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এ ছাড়া অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছেন। ফেসবুকে এক পোস্টে চঞ্চল লিখেছেন, এইচএসসি রেজাল্ট শোনার পর তিন মাস পাগল ছিলেন। এর মাধ্যমে অকৃতকার্য বা ফল খারাপ করা শিক্ষার্থীদের সাহস যুগিয়েছেন এই অভিনেতা।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে চঞ্চল লেখেন, আজ যারা জিপিএ ফাইভ পায়নি, আমার ধারণা পড়ালেখার পাশাপাশি তারা অন্য কিছু করত। যেমন- খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা…নানান কিছু। সমস্যা নেই এগুলো করেও অনেক খ্যাতি অর্জন করা যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়। কিন্তু কেউ যদি মোবাইল ফোনের নেশায় বা অনলাইনে শুধু গেইম খেলে, ফেসবুক করে সময় নষ্ট করে ফলাফল খারাপ করে থাকে, তার ভবিষ্যত কিন্তু সুবিধার না।
আমি আমার ইন্টারের ফলাফল শোনার পর তিন মাস পাগল ছিলাম। সমস্যা নেই আবার ঠিক হয়ে গেছি। আর যারা বইয়ের পোঁকা ছিলে, শুধু পড়ালেখা করছ, তারাই তো সোনার জিপিএ পাইছ। সোনার জিপিএ পাওয়া সোনামনিদের জানাই প্রানঢালা অভিনন্দন ও আশীর্বাদ।
তোমরা শুধু ভালো ফল করে থেমে যেও না। দেশটাকে ভালোবাসবে, দেশের জন্য কিছু করবে। মনে রেখ, এর আগে ভালো ফলাফল করে হাজারো সোনামনিরা বিদেশ গেছে। অনেকেই আর দেশে ফেরেনি। ওইসব সোনামনি দিয়ে দেশের তেমন কোনো মঙ্গল হয় না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও লেখেন- খারাপ ফলাফল করে যারা হতাশ হয়েছ, তাদের জন্য আমি আছি। উইল হেল্প ইউ গাইস। আমি তোমাদের দলে ছিলাম। এখন কিন্তু ভালোই করতেছি। সাহস হারাইও না বঞ্চিত খোকা-খুকুরা। দেশকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে যা করবে, তাই ঠিক। মনে রাখবে, ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী। আমি পাগল সবাইকে সাহস দেই। লাভ ইউ অল গাইস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
