নিজস্ব প্রতিনিধি।।
নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জন্য নতুন পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে অনুসরণের জন্য কোন ধরনের রুটিন অনুসরণ করতে হবে তা বৃহস্পতিবার রাতেই মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন ৪টি বিষয়ের ওপর ক্লাস নেওয়া হবে। ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন (বিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) ক্লাস হবে এবং দিনে ৩টি বিষয়ের ক্লাস নেওয়া হবে। ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুদিন ৩টি করে বিষয়ের এবং ষষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ৩টি বিষয়ের ক্লাস নেওয়া হবে। পৃথক আরেক চিঠিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদেরও সপ্তাহে ৪ দিন ক্লাস নিতে রুটিন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশি মহাপরিচালক বলেন, আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটিন চলবে। পরে অবস্থা অনুযায়ী ক্লাস সংখ্যা বাড়ানো বা কমানো হবে।
অন্যদিকে দু-একদিনের মধ্যে প্রাথমিকের রুটিনও প্রকাশ করা হবে বলে জানান ডিপিই মহাপরিচালক। তিনি বলেন, দুই ধরনের রুটিন করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জরুরি পরিস্থিতি উদ্ভব হলে কেমন করে পাঠ কার্যক্রম চালানো হবে। আরেকটি হচ্ছে, এখন যেভাবে চলছে সেটা চালিয়ে নেওয়া। পরিকল্পনায় আপাতত গত সেপ্টেম্বর থেকে অনুসৃত নীতিই অনুসরণ করা হবে। প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরও সপ্তাহে একদিন স্কুলে আনা যায় কি না তা ভাবা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
