রাজনীতিসচেতন হতে হবে শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক।।

কোনো রাজনৈতিক দলে যুক্ত না হলেও রাজনীতিসচেতন হয়ে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের- এমন বার্তাই দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল রবিবার ঢাকার দনিয়া কলেজে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনাসভায় তিনি শিক্ষার্থীদের প্রতি রাজনীতিসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, সারাদেশে সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে কোভিড টিকা দেওয়া হবে। এখন দেশে শুধু ১২ বছর ও তদূর্ধ্ব বয়সী শিক্ষার্থীদেরই করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার তাগিদ দিয়ে দীপু মনি বলেন, রাজনীতি সচেতন না হলে সচেতন নাগরিক হতে পারবে না, সুনাগরিক হতে পারবে না। তোমার দায়িত্ব পালন করতে পারবে না। তোমার জীবনের সিদ্ধান্ত, দেশের সিদ্ধান্ত- তুমি নিতে পারবে না। আমাদের জীবনের সব ক্ষেত্রের মতোই রাজনীতিতে ভালো-মন্দ সব আছে। কিন্তু তার অর্থ এই নয় যে, রাজনীতি ভালো নয়।

হত্যা বা ষড়যন্ত্র কোনো রাজনীতি হতে পারে না। রাজনীতি সেটাই, যার মধ্যে থাকে দেশের জন্য ভালোবাসা, দেশের সেবা, মানুষের সেবা। আশা করি, তোমরা সবাই রাজনীতির সঠিক পথ বেছে নিতে পারবে, যেটা দিয়ে দেশ এগিয়ে যাবে, শিক্ষাব্যবস্থা এগিয়ে যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.