মেডিক্যালের ছাত্রীকে পাস করাতে বাসায় ডাকেন শিক্ষক!

নিউজ ডেস্ক।।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন শেষ বর্ষের এক ছাত্রী।

বুধবার (২২ ডিসেম্বর) ওই ছাত্রী উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে মেডিক্যাল কলেজের ছাত্রী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন শিক্ষক।

গত বছরের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করা হয় জিডিতে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.