অনলাইন ডেস্ক।।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পুরোপুরি প্রস্তুত বীর শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানানোর স্থান সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এবার ১৬ ডিসেম্বরে একটু আলাদা রূপ দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধের।
গতবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও বিজয়ের ৪৯তম ১৬ ডিসেম্বরে বৈশ্বিক মহামারি করোনা থাকায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসতে পারেননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তবে এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ভারতের রাষ্ট্রপতিও স্মৃতিসৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে আসবেন বলে জানা গেছে।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, এবার ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন মুক্তিযুদ্ধকালীন বন্ধুপ্রতীম দেশ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে কারণে এক মাস ধরেই পরিষ্কার, পরিচ্ছন্নতাসহ লাল-সবুজের চিত্র ধরে সৌধ চত্বরকে সাজানো হয়েছে। শুধু তাই নয় তার নিরাপত্তায় নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ধোয়া মোছার কাজ শেষ করে রং দেওয়ার কাজ করছেন আলামিনসহ আরও কয়েকজন। তারা বাংলানিউজকে বলেন, পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার-পরিছন্ন করা হয়েছে। এখন রং দেওয়ার কাজও প্রায় শেষ। সেই সঙ্গে আলোকসজ্জা লাগানোর কাজও। প্রতি বছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ আমরা ধোয়া-মোছার রং দেওয়াসহ ফুল গাছ লাগানোর কাজ করে থাকি। শেষ মুহূর্তের টুকিটাকি কাজ চলছে।
জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়ে পরিদর্শনে আসেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার। তিনি বাংলানিউজকে বলেন, নিরাপত্তার জন্য এবার স্মৃতিসৌধ এলাকার অর্ধশত পয়েন্টে সিসিটিভি ক্যামেরা যুক্ত করা হয়েছে। এছাড়া আমাদের সাদা পোশাকেসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা রয়েছেন। ১ ডিসেম্বর থেকে পুরো স্মৃতিসৌধ এলাকায় সিকিউরিটি ডেপ্লয় করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিজয় উদযাপন নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
