অনলাইন ডেস্ক।।
সারাদেশের ৪০৫টি সরকারি নিম্ন-মাধ্যমিক ও প্রাথমিক সংযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থেকে স্কুল ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিন রাতেই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১০ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত সরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়েছে। অপরদিকে, এখনো বেসরকারি স্কুলের আবেদন ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত করা যাবে। আর বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবনে আয়োজন করা হবে।
সরকারের সিদ্ধান্ত অনুসারে আসন্ন ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে নতুন শ্রেণিতে ( প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। করোনা প্রতিরোধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে।
এদিকে, সোমবার মাউশি সূত্রে জানা গেছে, সারাদেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ৮০ হাজারের বেশি আসন রয়েছে। এসব আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬টি। এ হিসেবে আসন প্রতি ভর্তির জন্য ১৪ জনের প্রার্থী রয়েছে। গত ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। এক দফা সময় বাড়িয়ে রোববার রাত ১২টায় শেষ হয়েছে।
মাউশি সূত্র আরও জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তির লটারি কার্যক্রম শেষে এ দিন রাতেই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবন আয়োজন করা হবে।
ভর্তি কমিটির সদস্যসচিব ও মাউশির উপ-পরিচালক (বিদ্যালয়) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ভর্তির আবেদনের জন্য আর সময় বাড়ানো হবে না। বর্তমানে লটারি আয়োজনের প্রস্তুতি চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
