অনলাইন ডেস্ক।।
শিগগিরই মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ঢাকা, গাজীপুর, সিলেটসহ ১০ থেকে ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। যারা ডিসি হিসেবে মাঠে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন এবং যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন তাদেরই তুলে নেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিজ দফতরে বলেন, ‘নানা প্রক্রিয়া সম্পন্ন শেষে ডিসি পদে নিয়োগ দিতে ইতিমধ্যে ডিসি ফিটলিস্ট তৈরি করা হয়েছে। সেই তালিকা থেকে প্রথম দফায় ১১ জনকে পদায়ন করা হয়েছে। শিগগিরই আরও কিছু কর্মকর্তাকে ডিসি হিসেবে পদায়ন করা হবে। যারা ডিসি হিসেবে মাঠে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন এবং যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন তাদের শিগগিরই মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। সেখানে নতুন ফিটলিস্ট থেকে পদায়ন করা হবে।’
কবে নাগাদ এ প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘খুব বেশি দেরি হবে না। ডিসেম্বরের শেষের দিকে পদায়ন করা হতে পারে।’
ফলে বর্তমান ফিটলিস্টে ২২তম ব্যাচের চারজনসহ বাকিরা সবাই বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। এদের মধ্য থেকে চলতি মাসের শেষ দিকে ঢাকা, গাজীপুর, সিলেটসহ ১০ থেকে ১২টি জেলায় নতুন ডিসি পদায়ন করা হতে পারে। বাকিদের পর্যায়ক্রমে ডিসি পদে নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে বিসিএস ২১তম ব্যাচের পাঁচজন কর্মকর্তা তিন বছরের বেশি সময় ধরে ডিসি হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছেন। তাদেরও প্রত্যাহার করা হতে পারে। এ তালিকায় রয়েছেন ঢাকার ডিসি মো. শহীদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার হায়াত-উদ-দৌলা খান, পিরোজপুরের আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সিলেটের এম কাজী এমদাদুল ইসলাম ও গাইবান্ধার ডিসি মো. আবদুল মতিন।
আর যাদের তুলে নেওয়া হবে তাদের বেশির ভাগই তিন বছরের বেশি সময় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হয়েছেন। এদের কেউ কেউ একই জেলায় আড়াই থেকে তিন বছর ধরে কর্মরত রয়েছেন। সরকারের শীর্ষপর্যায়ের সম্মতি মিললেই এ নিয়োগ দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
