এইমাত্র পাওয়া

একজন আত্মপ্রত্যয়ী সাদিয়ার গল্প

উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বাসায় নিজের উদ্যোগে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বড়ো বোন কাওসার আখতার জ্যোতির অনুপ্রেরণায় প্রস্তুতি নেন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিযোগিতায়।

 

ছোটো বেলা থেকে চারুকলার প্রতি আগ্রহ থাকলেও, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসার কমতি ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি না থাকায় বাছাই করেছিলেন মাইক্রোবায়োলজি। এর আগে কখনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারের দ্বারস্থ হননি সাদিয়া। মাইক্রোবায়োলজি বিভাগের ১১তম আবর্তনের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে ৩য় বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ফল অনুযায়ী ৩.৯১ সিজিপিএ অর্জন করে ১ম স্থান অধিকার করেছেন।

মনোয়ারা বেগম আর আখতার কামাল দম্পতির ঘর আলোকিত করে ১৯৯৬ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন সাদিয়া আখতার। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে হায়দার আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় মাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। উচ্চ মাধ্যমিকেও রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে বিজ্ঞান শাখায় অর্জন করেন জিপিএ-৫।

 

কেবল পড়াশোনার টেবিলে নিজেকে আবদ্ধ রাখেননি সাদিয়া। সম্পৃক্ত আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। তিনি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত্ এবং সর্বোচ্চসংখ্যক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০১৯-২০২০ কাউন্সিলের গার্ল-ইন-রোভারের সম্পাদক ও সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্নকারী ‘সেবা’ স্তরের রোভার সাদিয়া ইতিমধ্যে জবি রোভার স্কাউট গ্রুপ থেকে ‘রোভার কুশলী’, ‘স্কাউট ইন্সট্রাক্টর’ ও ‘শিক্ষকতা’ ব্যাজ অর্জন করেছেন।

 

বাংলাদেশ স্কাউটস-এর মুখপত্র ৬৩ বছর থেকে প্রকাশিত ‘মাসিক অগ্রদূত’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফিচার লেখক হিসেবে সম্পৃক্ত আছেন একটি জাতীয় দৈনিকে। এছাড়া তিনি ‘টিডিওয়াই ডটকম’-দ্য ডেইলি ইয়ুথ শীর্ষক শিক্ষাধর্মী একটি ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা; একই সঙ্গে তার অধ্যয়নরত মাইক্রোবায়োলজি-এর বিভিন্ন বিষয়ের ওপর নিয়মিত লিখে থাকেন। বিভিন্ন প্রতিযোগিতায় নিজেকে বারংবার প্রমাণ করে জিতেছেন বহু পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য—জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বিপি দিবসের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান, জাতীয় পর্যায়ে স্কাউট দিবসে বাংলাদেশ স্কাউটস-এর আয়োজনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অর্জন করেছেন তৃতীয় স্থান। মেধার স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন জবি প্রশাসন কর্তৃক প্রদানকৃত স্নাতক শ্রেণির মেধাবৃত্তি।

 

ছুটিতে ঘোরাঘুরি করতে ভালোবাসেন সাদিয়া। অবসরে গল্পের বইয়ে ডুবে থাকা, সিনেমা দেখা, কবিতা পড়ায় স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ভবিষ্যতে মাইক্রোবায়োলজি বিষয়ে গবেষণায় সম্পৃক্ত করতে চান নিজেকে, সঙ্গে সামাজিক সংগঠন আর লেখালেখির মাধ্যমে দেশের তরে নিজেকে সর্বদা সম্পৃক্ত রাখতেও তিনি বদ্ধপরিকর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.