নিজস্ব প্রতিনিধি।।
এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হবে। তখন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকেই ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। গতকাল চাঁদপুর শহরের বাবুরহাট পল্লীবিদ্যুতের নবনির্মিত সদর দপ্তরের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।
তিনি বলেন, এ মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই।
কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।
সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি-জামাত ও তাদের দোসররা এ সরকারের বিরুদ্ধে, বিশেষ করে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে নানাভাবে বিভিন্ন অপকর্ম করছে। তবে সহিংসতার বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পল্লীবিদ্যুতের ডিজিএম দেব কুমার মালু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
