নিউজ ডেস্ক।।
আগামী সপ্তাহে কয়েক দিনের মধ্যে পাকিস্তান ‘ভালো খবর’ পেতে যাচ্ছে বলে পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা আভাস দিলেন। বৃহস্পতিবার সিনেট বডিকে তিনি জানান, নিরাপত্তা শঙ্কায় গত মাসে সিরিজ বাতিলের পর পাকিস্তান সফরের নতুন সূচি তৈরির কাজ করছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
গত ১১ সেপ্টেম্বর ১৮ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানে পা রেখেছিল নিউ জিল্যান্ড। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে শুরুর মিনিটখানেক আগে ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি’ পাওয়ার কথা বলে পাকিস্তান ছাড়ে ব্ল্যাক ক্যাপরা। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলেনি তাদের ক্রিকেট বোর্ড এনজেডসি। তাদের দেখাদেখি চার দিন পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও পুরুষ ও নারী দল পাঠানোর পরিকল্পনা বাতিল করে।
বৃহস্পতিবার ইন্টার প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশনে সিনেট স্ট্যান্ডিং কমিটিতে আলাপকালে রমিজ বলেন, পাকিস্তানের চাপে পড়ে ‘এখন নতুন করে সফরসূচি’ করতে চাইছে এনজেডসি।’ তিনি বলেন, ‘এনজেড ক্রিকেট পাকিস্তানে নতুন করে তাদের দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আগের সফর বাতিলের প্রতিবাদে কমিটির চেয়ারম্যান রাজা রাব্বানি পিসিবি প্রধানকে নিউ জিল্যান্ডের এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে বলেছেন, ‘আমরা যদি নিউ জিল্যান্ডকে এই সফর না করতে দেই?’ রমিজ বলেন, ‘তাদের সঙ্গে আমাদের থাকতে হবে। কিন্তু আমরা তাদের বলতে পারি পাকিস্তানের শর্ত মেনে তারা প্রস্তুত থাকলে আমাদের সমস্যা নেই।’
২০২২ সালের নভেম্বরের দিকে এই সফর হতে পারে বলে রমিজ ইঙ্গিত দিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
