এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানেই জন্মদিনের রাজসিক অনুষ্ঠান প্রধান শিক্ষকের

অনলাইন ডেস্ক।।

মহামারি করোনার বিধিনিষেধের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর ঢাকঢোল পিটিয়ে রাজসিকভাবে নিজের জন্মদিন পালন করেছেন এক প্রধান শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার নির্দেশনা জারি করলেও স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই ছাত্রছাত্রীদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজনের তীব্র সমালোচনা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে। স্থানীয় সূত্র জানায়, রবি ও সোমবার দু’দিনব্যাপী চলে এ অনুষ্ঠান। প্রধান শিক্ষক ওয়াদুদুর রহমানের জন্মদিন উপলক্ষে সেখানে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ ছাড়া ছিল সহস্রাধিক লোকের ভূরিভোজের ব্যবস্থা। অনুষ্ঠানের আগের রাত থেকেই স্কুলের ভেতর চলে রান্নাবান্নার কাজ। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের পর সোমবার টঙ্গী প্রেস ক্লাব মিলনায়তনেও জন্মদিনের দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। এতে স্কুলের শিক্ষকরাও অংশ নেন। এ উপলক্ষে প্রেস ক্লাবের ভেতর চলে নাচগানের আয়োজন। ক্লাবের আহ্বায়ক কমিটি জানায়, তাদের অনুমতি না নিয়েই এ অনুষ্ঠান করা হয়।

স্কুলের প্রধান শিক্ষকের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন নিয়ে অভিভাবকদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। প্রধান শিক্ষক স্কুলের তহবিল থেকে কয়েক লাখ টাকা খরচ করে এ অনুষ্ঠানের আয়োজন করেন বলেও অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ওয়াদুদুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধেই এবার জন্মদিনটা ব্যতিক্রমভাবে পালন করার চেষ্টা করেছি। জানতে চাইলে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, বিষয়টি তাদের জানা নেই। স্কুল ক্যাম্পাসে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার নিয়ম নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.