ভিসা-ইকামার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াল সৌদি

নিউজ ডেস্ক।।

করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের জন্য বসবাসের অনুমতি বা ইকামার মেয়াদ বিনা মূল্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব।

ভিজিট, এক্সিট ও রি-অ্যান্ট্রি ভিসার ক্ষেত্রেও একই সুবিধা দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। সম্প্রতি বাদশাহ সালমানের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত প্রবাসীদের ইকামার পাশাপাশি ভিজিট, এক্সিট ও রি-অ্যান্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেবে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে, মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদপ্তরে যেতে হবে না। এ কাজে সহায়তা করছে সৌদির জাতীয় তথ্য কেন্দ্র।

এর আগে, চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। করোনা ভাইরাস, বিশেষ করে অতিসংক্রামক ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.