সকল হাসপাতাল জরুরি চিকিৎসাসেবা দিতে বাধ্য: হাইকোর্ট

নিউজ ডেস্ক।।

জরুরি চিকিৎসাসেবা দিতে কোনো হাসপাতাল অসম্মতি জানাতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, ‘কোনো অসুস্থ ব্যক্তিকে যখনই হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকদের কাছে আনা হয় তখন তাৎক্ষণিক জরুরি স্বাস্থ্যসেবা দিতে অসম্মতি জানাতে পারবে না।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, সব বেসরকারি-সরকারি হাসপাতাল ও ক্লিনিকের তালিকা, জরুরি চিকিৎসাসেবা বিভাগ রয়েছে এমন হাসপাতাল ও ক্লিনিকগুলোর পৃথক তালিকা এবং সেসব হাসপাতাল ও ক্লিনিকসমূহের জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের বর্তমান অবস্থার বিস্তারিত বিবরণসহ একটি তালিকা আগামী তিন মাসের মধ্যে দাখিল করতে বলেছেন আদালত।

একইসঙ্গে আদালত অসুস্থ ব্যক্তিকে জরুরি স্বাস্থ্যসেবা দিতে অসম্মতি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছেন। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের নতুন লাইসেন্স ইস্যু করার সময় এবং বিদ্যমান রেজিস্টার্ড হাসপাতাল বা ক্লিনিকের লাইসেন্স নবায়ন করার সময় জরুরি স্বাস্থ্যসেবা বিভাগ আবশ্যিকভাবে বিদ্যমান থাকতে হবে এমন শর্ত যুক্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী বছরের (২০২২ সাল) ১৮ জানুয়ারি মামলাটির পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় রাখা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.