ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশ সেরা পঞ্চগড়ের রাহাত

নিউজ ডেস্ক।।

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে প্রথম বর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সে ভর্তি পরীক্ষায় দেশ সেরা হয়েছেন পঞ্চগড়ের নাজমুস সাকিব রাহাত।

তার সর্বমোট স্কোর ২৯৫। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ রাহাত ভর্তি পরীক্ষায় ১০০-এর মধ্যে ৯৫ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিলো ৫৫০৩৪৩৭।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশ হওয়া ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাহাতের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড রতনী বাড়ী এলাকায়। তার বাবা সোলায়মান আলী। ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট রাহাত। তিনি ২০১৮ সালে পঞ্চগড় বিপি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে সেন্ট জোসেফ সেকেন্ডারি স্কুল থেকে এইচএসসি পাশ করেন।

রাহাত মুঠোফোনে বলেন, আমার এ সাফল্য আল্লাহর রহমতে হয়েছে। মা-বাবার দোয়া এবং আত্মীয় স্বজন, শিক্ষকসহ অনেকের প্রেরণা ও অবদান রয়েছে। সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি বড় ভাই ইব্রাহিম খলিলের কাছ থেকে।

রাহাত বলেন, আমি আগে থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছি। আমার স্বপ্ন দক্ষ চিকিৎসক হয়ে সমাজের গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাড়াবো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.