নিউজ ডেস্ক।।
আগামীকাল থেকে খুলছে দেশের সব স্কুল-কলেজ। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও শিক্ষাপ্রতিষ্ঠানে দুই বিষয়ে ‘ছাড়’ পাচ্ছে শিক্ষার্থীরা। একটি পোশাক বা ইউনিফর্ম পরার ক্ষেত্রে এবং অপরটি ক্লাসে অনুপস্থিত থাকার বিষয়ে। তবে কিছু শর্তে এ দুটি বিষয় মূল্যায়ণ করা হবে।
জানা গেছে, রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান সশরীর ক্লাস শুরুর প্রথম কয়েক দিন শিক্ষার্থীদের নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম পরার বিষয়ে ছাড় দিয়েছে। এসব প্রতিষ্ঠান আপাতত শিক্ষার্থীদের ইউনিফর্মের কাছাকাছি রঙের পোশাক পরে স্কুল বা কলেজে আসতে বলেছে।
রাজধানীর নেভি স্কুল অ্যান্ড কলেজ খিলক্ষেত শাখার এক অভিভাবক বলেন, গত বুধবার স্কুল থেকে একটি নোটিশ পেয়েছি। যেখানে বলা হয়েছে, প্রথম দুই সপ্তাহ সাধারণ শোভন পোশাকে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। ইউনিফর্মের বাধ্যবাধকতা থাকবে না। তবে এ সময়ের মধ্যে স্কুলের নির্ধারিত দরজির কাছ থেকে অবশ্যই ইউনিফর্ম বানিয়ে নিতে হবে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা দেহে কোনো ধরনের উপসর্গের কারণে শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে উপস্থিত হতে না পারলে তাদের ‘অনুপস্থিত’ গণ্য করা হবে না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সেক্ষেত্রে দেখাতে হবে উপযুক্ত প্রমাণ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, যদি কোনো শিক্ষার্থী তার পরিবারের কোনো সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ক্লাসে আসতে না পারে, সেক্ষেত্রে তাকে অনুপস্থিত হিসেবে বিবেচনা করা হবে না। কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছে পরিবারের সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ জমা দিতে হবে।
সচিব বলেন, এক্ষেত্রে করোনাভাইরাসের পজিটিভ রিপোর্টকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে ১৪ দিন কোয়ারেন্টিনে বা আইসোলেশনে থাকতে পারবে এবং তাদের অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
