এইমাত্র পাওয়া

এমপিও স্থগিত যে শিক্ষকের

নিউজ ডেস্ক।।

অর্থ আত্মসাৎ, আর্থিক দুর্নীতিসহ নানা অনিয়মের দায়ে রাজধানীর মিরপুর কলেজের অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে বরখাস্ত করেছে ব্যবস্থাপনা কমিটি।

সূত্রে জানা গেছে, শনিবার কলেজের ব্যবস্থাপনা কমিটির সভায় অধ্যক্ষকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের উপাধ্যক্ষ মো. মাহবুবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে তার বিরুদ্ধে কলেজের ফান্ড থেকে অর্থ আত্মসাৎসহ অনেক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট অধ্যক্ষের এমপিও স্থগিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর শরিফ এনামুল কবির বলেন, তদন্তের আলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।

অভিযোগের ব্যাপারে অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদ বলেন, প্রত্যেকটি অভিযোগের পক্ষে আমি ডকুমেন্ট দিয়েছি। তারপরও আমার বিরুদ্ধে এক তরফা প্রতিবেদন দিয়েছে ডিআইএ। এ প্রতিবেদন বাতিল চেয়ে আবেদন করব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.