নিউজ ডেস্ক।।
সামাজিক যোগাযোগ মাধ্যমের (স্যোশাল মিডিয়া) ওপর নজরদারি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আনা হচ্ছে নতুন আইন। এরই মধ্যে এ সংক্রান্ত একটি খসড়া বিল (আইন) তৈরির কাজ শুরু হয়েছে।
আইনটির উদ্দেশ্য আপাতদৃষ্টিতে প্রসন্ন। কেননা, এতে দেশের অভ্যন্তরে উৎপন্ন ডেটা সুরক্ষার নিশ্চিয়তা দেওয়া হবে। তবে বিশেষজ্ঞ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের আশঙ্কা, এতে সুরক্ষার সুবিধা কম থাকবে। বরং ব্যবহারকারীর ডেটায় হস্তক্ষেপের বিষয়টিই বেশি থাকবে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কোনও আইন নেই। ডেটা সুরক্ষায় আমাদের কোনও আইন নেই এবং মানুষের গোপনীয়তা রক্ষার জন্যও কিছুই নেই…। এর মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে বাংলাদেশের আইন মেনে চলতে বাধ্য করা।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও খসড়া আইনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা এই ধরনের একটি খসড়া আইন প্রণয়ণে কাজ করছি। আইসিটি বিভাগই এটি তৈরি করছে।”
পলক বলেন, “নতুন ডেটা সুরক্ষা আইনে বলা থাকবে- বিদেশি ইন্টারনেট কোম্পানিগুলোকে জাতীয়ভাবে ডেটা সেন্টার তৈরি করতে হবে এবং ব্যবহারকারীর ডেটা দেশের অভ্যন্তরে সংরক্ষণ করতে হবে।”
“এটি আমাদের গুজব ছড়ানো এবং ইন্টারনেটের অপব্যবহারকারীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবে,” উল্লেখ করেন তিনি।
পলক বলেন, “নাগরিকদের তথ্য দেশের ভেতরেই থাকবে তা নিশ্চিত করতেই এই নতুন আইনের খসড়া তৈরি করা হচ্ছে।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
