নিউজ ডেস্ক।।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গতিময় ইন্টারনেট সেবা প্রদানে জোট বেঁধেছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও ফেসবুক। ‘প্রজেক্ট অ্যাপ্রিকট’ শীর্ষক প্রকল্পের আওতায় সমুদ্রতলে সাবমেরিন কেবল স্থাপন করবে কোম্পানি দুটি। প্রচলিত ইন্টারনেট লাইনের বিকল্প হিসেবে এ কেবলের মাধ্যমে সিঙ্গাপুর ও জাপান সংযুক্ত হবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটির মাধ্যমে ২০২৪ সাল নাগাদ ইন্টারনেট চালু করা সম্ভব হতে পারে।
মূলত বতর্মানে ব্যবহূত ইন্টারনেট সংযোগকে নিরবচ্ছিন্ন ও গতিময় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমুদ্রতলের কেবল। ইতোমধ্যে কয়েকটি দেশে ফাইভজি চালু হয়েছে, পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশও ফাইভজিতে যুক্ত হতে যাচ্ছে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও রয়েছে। করোনার সংক্রমণে বিশ্বজুড়ে ইন্টারনেটের চাহিদা বাড়ছে। চাহিদার সঙ্গে ইন্টারনেট ট্রাফিক অব্যাহত রাখতে এখন বর্তমান সংযোগের পাশাপাশি আরও উচ্চ ক্ষমতার কেবলের প্রয়োজন। ‘প্রজেক্ট অ্যাপ্রিকট’ এই চাহিদা মেটাতেই কাজ করবে।
এক ব্লগ পোস্টে ফেসবুকের ব্যবস্থাপক (নেটওয়ার্ক বিনিয়োগ বিভাগ) নিকো রোরিক বলেন, প্রতি মাসে আমরা বিশ্বের ৩৫০ কোটিরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছি। আগামীতে সংখ্যাটি আরও বাড়বে। চাহিদার সঙ্গে বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্ক সমন্বয় করতে আমরা নতুন প্রকল্প গ্রহণ করেছি। এদিকে চলতি বছরের শুরুতে ‘ইকো’ নামে কেবলভিত্তিক নতুন নেটওয়ার্ক সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছিল গুগল। গুগল জানাচ্ছে, অ্যাপ্রিকট হবে ইকোর সম্পূরক। এতে করে গুগল ক্লাউডসহ অন্যান্য ডিজিটাল সেবা আরও কার্যকরভাবে দেওয়া যাবে। গুগলের গ্লোবাল নেটওয়ার্কিং ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলে বলেন, এশিয়ার ব্যবসার উন্নয়নে এবং গ্রাহকদের চাহিদা মতো ডাটা আদান-প্রদানে নতুন প্রকল্প আরও কার্যকর হবে। এতে বেশি ব্যান্ডউইথ পাওয়া যাবে, সময়ও কম লাগবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
