কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম।।
বিশ্বকে টালমাটাল করে দেওয়া মরণঘাতি জীবানু করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে বিভিন্ন দেশে প্রস্তুত হয়েছে টিকা তথা ভ্যাকসিন। যা ইতিমধ্যে গণহারে প্রয়োগ শুরু হয়েছে। প্রথমদিকে যুক্তরাজ্যেের অক্সফোর্ড এর আবিষ্কৃত এবং ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম কর্তৃক তৈরীকৃত ভ্যাকসিন আমাদের দেশে প্রয়োগ হয়েছিল। মাঝে এই ভ্যাকসিনের চালানের বাকি অংশ না আসায় টিকা প্রদান কর্মসূচি স্থগিত হয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্ণা, চীনের সিনোফার্মসহ আরো কয়েকটি টিকার জরুরি অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে সেসব টিকার চালান দেশে এসে পৌঁছেছে এবং এগুলোর প্রয়োগও শুরু হয়েছে।
টিকাই এখন অন্যতম ভরসা করোনো প্রতিরোধে। করোনার টিকা প্রয়োগের সুফলও পাওয়া যাচ্ছে। টীকা নেওয়ার ফলে মানুষের মাঝে খুব বেশি বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং টিকা নেওয়ার কারণে করোনার ব্যপারে মানুষের আতংকভাব দূর হচ্ছে। যদিও বলা হচ্ছে, টীকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে দীর্ঘমেয়াদে। কেননা করোনার জীবানু অতি সহজে নির্মূল হবেনা বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ চিকিৎসাবিজ্ঞানীরা।
করোনার টিকা আশা জাগিয়েছে বিশ্ববাসীকে। টিকা আবিষ্কারের ফলে মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলছে। একসময় মনে হচ্ছিল সহজে করোনাকে বিদায় করা সম্ভব হবেনা। অন্ত:ত সে অবস্থা থেকে আমরা বের হতে পেরেছি। করোনার টিকা আবিষ্কার ভবিষ্যতে অন্য কোন ভাইরাস নির্মূলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সচেতনতা বাড়াবে। চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি সাধনে স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরির প্রতি মনোযোগ বাড়িয়েছে। পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে মানুষের বিদ্যমান ধ্যান, ধারণাকে অনেকগুণ পাল্টে দিয়েছে। বলতে গেলে চিকিৎসা জগতে করোনা বিপ্লব সাধনের সুযোগ করে দিয়েছে। কারণ করোনার টিকা আবিষ্কার চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের প্রচলিত চিকিৎসা পদ্ধতি এবং গবেষণাকে আরো শানিত করবে, সমৃদ্ধ করবে। যা আমাদের জন্য অবশ্যই আশাব্যাঞ্জক একটি খবর।
সর্বশেষ কথা হলো টিকা নিতে হবে, পরতে হবে মাস্ক। একটি অন্যটির বিকল্প নয়। কেননা অনেকে টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলেছেন, করোনা থেকে সুরক্ষায় টিকার পাশাপাশি মাস্ক পরিধান করতে হবে। মানতে হবে স্বাস্থবিধি। তাই আসুন, টিকা নিই মাস্ক পরি।
লেখক : শিক্ষক ও কলামিস্ট
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
