অনলাইন ডেস্ক।।
করোনা সংক্রমণরোধে চলমান টিকা কর্মসূচিতে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। একইসঙ্গে ওই দিন থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী বৃহস্পতিবারের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। তবে যেসব জায়গায় এই ভ্যাকসিনের প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব জায়গায় দ্রুত প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।
এ ছাড়াও আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে। এ লক্ষ্যে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের টিকা শিগগিরই পাঠানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের অনুমোদনক্রমে এই নির্দেশনাটি সারা দেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ জুলাই দেশে প্রথম সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মর্ডানার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ শুরু হয় ১৪ জুলাই থেকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
