এইমাত্র পাওয়া

লকডাউন বাড়নো নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন বাড়ছে কিনা সেই সিদ্ধান্ত আজ নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আরও ১০ দিন লকডাউন বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। তবে ১০ দিন নয়, ৫ আগস্ট থেকে আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে বিধিনিষেধ।

লকডাউন বাড়ানো না বাড়ানো নিয়ে আজ বেলা ১১ টায় অনলাইনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। ওই বৈঠকের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার যুগান্তরকে বলেন, ‘মঙ্গলবার কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। ওই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের সিনিয়র মন্ত্রীরা উপস্থিত থাকবেন। বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ ও অন্যান্য স্টেকহোল্ডারের (অংশীজন) মতামত পর্যালোচনা করে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লকডাউন বাড়লেও কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আনার বিষয়ে ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে বিভিন্ন প্রস্তাব পাওয়া যাবে, সেগুলো বিবেচনা করে কীভাবে করলে এ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি, সেটি আমাদের মূল লক্ষ্য। আমাদের কাজকর্মগুলো, যেগুলো একেবারেই অপরিহার্য, সেগুলো চালানো। সেটি কী করলে ভালো হবে, সেজন্য আরেকটু সময় আমাদের লাগবে।’

কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আজ বেলা ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত হবে। সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.