নিউজ ডেস্ক।।
ঈদের আগে দুই সপ্তাহের লকডাউনের সুফল নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার খুরশীদ আলম বলেছেন, ‘এখনো তেমন ফল আমরা দেখছি না। সাধারণত তিন থেকে চারদিন পর এর ফল দেখা যায়। তবে সীমান্ত এলাকায় আগের তুলনায় সংক্রমণ কমেছে। চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, নওগাঁয় এখন একটু সংক্রমণ কমে আসছে।
শুক্রবার রাজধানীতে সরকারি মুগদা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘আমি হাসপাতাল তিনটি পরিদর্শন করার সময় জেনেছি- রোগীদের শতকরা ৯৭ ভাগ করোনার টিকাগ্রহণ করেননি। তাদের অধিকাংশের বয়স ৫০ বছরের বেশি। টিকা না নেওয়ার ব্যাপারে রোগীদের স্বজনরা জানিয়েছেন- কেউ টিকা নিতে ভয় পেয়েছেন, আবার কেউ অবহলো করে টিকা নেননি। এমনকি কেউ কেউ শুরুতে চিকিৎসাও নেননি। ’
তিনি বলেন, ‘কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি সংকটাপন্ন রোগীদের ৯৭ শতাংশ ঢাকার বাইরের। করোনা রোগীর চাপ সামাল দিতে আমাদের প্রস্তুতি রয়েছে। ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।
‘গ্রাম পর্যায়ে টিকা প্রয়োগ নিয়ে ভাবা হচ্ছে। গ্রামের মানুষদের অন্যান্য টিকা যেভাবে দেওয়া হয়, সেভাবেই করোনা টিকা দেয়া যায় কি না এ বিষয়ে সরকার পরিকল্পনা করছে। যদি এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তাহলে জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড দেখেই টিকা নেওয়া সম্ভব হবে, নিবন্ধনের প্রয়োজন হবে না। ’
খুরশীদ আলম বলেন, ‘হাসপাতালে ভর্তি অনেক রোগী টিকা নিতে চাইছেন না। এমনকি অনেক নার্স ও স্বাস্থ্যসেবী এখনো টিকা নেননি।
এটা খুবই দুঃখজনক। যারা টিকা নিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম। ’
করোনার টিকা নেওয়ার বয়সসীমা সর্বনিম্ন ১৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
তিনি বলেন, ভারত থেকে অক্সিজেন আনার ব্যবস্থা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
