নিউজ ডেস্ক।।
বিদ্যালয় প্রাঙ্গণে বিয়ের অনুষ্ঠান করতে না পেরে শিক্ষককে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, বুধবার মনসুরাবাদ এলাকার খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার মিয়া মো. হারুন খান মহানগর যুবদলের সহ-সভাপতি।
পুলিশ জানায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন মো. নিজাম উদ্দিন। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে বিয়ের অনুষ্ঠান করতে প্রধান শিক্ষকের কাছে অনুমতি চান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. একরাম মিয়া। কিন্তু করোনায় বন্ধ থাকা বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেননি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।
এ অবস্থায় অনুমতি ছাড়াই ২৫ জুন সেখানে বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের স্কুলে আসতে নিষেধ করেন একরাম ও তার সহযোগীরা। পরে বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ডে অভিযোগ করলে তদন্ত কমিটি গঠন করা হয়।
৩০ জুন পাঁচলাইশ-ডবলমুরিং থানা শিক্ষা অফিসার মো. শফিউল আলমের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা বিদ্যালয়ে আসেন। ওই সময় প্রধান শিক্ষকসহ আরো কয়েকজন শিক্ষকও আসেন। তাদের দেখেই জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করেন একরাম মিয়ার ভাই যুবদল নেতা মিয়া মো. হারুন খান ও তার সহযোগীরা।
প্রধান শিক্ষকের রুমে ঢুকেই অকথ্য ভাষায় গালাগাল ও একপর্যায়ে প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেন তারা। পরে শনিবার এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মামলার পরপর অভিযান চালিয়ে হারুনকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
