এইমাত্র পাওয়া

করোনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু শৈলকুপায়

নিজস্ব প্রতিবেদক।।

ঝিনাইদহের শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। সর্বশেষ শুক্রবার সকালে মারা যান সৈয়দ মাহাবুব হোসেন (৬৫)। এর আগে ২০ জুন মারা যায় তার নাতি ছেলে জিহাদ (১৪)। এর চারদিন পর ২৪ জুন মারা যান জিহাদের মা রোখসানা বেগম (৪৮)। মাত্র ১০ দিনের ব্যবধানে একই পরিবারের ছেলে, মা ও নানার মৃত্যুতে শোক জানানোর যেন কেউ নেই।
শুক্রবার সকালে মারা যাওয়ার পর সৈয়দ মাহাবুব হোসেনের মরদেহ পড়ে ছিল ঘরের এক কোনে। পরিবার, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নেই মরদেহের পাশে। কে কাটবে কবর, কে করবে জানাজা, কে করবে দাফন। দাফন কাফনে সাহায্য করার জন্য কেউ তার বাড়িতে আসেনি। আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিবেশিদের মধ্যে। যেন মৃত্যুপুরিতে রূপ নিয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া গ্রামের ওই বাড়িটি।
তবে সৈয়দ মাহাবুব হোসেনের মৃত্যুর খবরটি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানোর পর তারা মরদেহ থেকে এন্টিজেন সংগ্রহ করে দাফন কাফনের ব্যবস্থা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পর সৈয়দ মাহাবুব হোসেনের নমুনা নিজ বাড়ি হতে সংগ্রহ করা হয়। পরে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ টিম তার দাফন কাফন সম্পন্ন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.