নিজস্ব প্রতিবেদক।।
সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাত দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আর এই কঠোর লকডাউনেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক বন্দরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল)। তিনি জানান, দেশে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সংক্রমণ রোধে সরকার সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা দিয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বন্দরের পণ্য আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।
ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো হিলি চেকপোস্টে থেকে বন্দরের ভিতরে প্রবেশ পর্যন্ত বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধির ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় ট্রাক ড্রাইভার -হেলপারদের সরকারি বিধিনিষেধের মধ্যে রাখা হচ্ছে।এছাড়াও বন্দরের অভ্যন্তরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, বন্দর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে তিনি দাবি করেন।
হিলি বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের প্রতিটি স্থলবন্দরের আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে বলা হয়েছে। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আমরাও তা মেনে নিয়েছি।
বন্দরে যে সকল আমদানি-রফতানিকারকরা রয়েছেন তারা অবশ্যই সরকারি বিধিনিষেধ অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
হাকিমপুর ( হিলি) উপজেলার ইউএনও মোহাম্মদ নূর- এ আলম জানান, সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে যেহেতু দেশের সকল স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে তাই হিলি বন্দরে পণ্য আমদানি রফতানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়টি আমরা তদারকি করবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
