অনলাইন ডেস্ক।।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের আটটি দল চূড়ান্ত হয়েছে। শেষ ষোলোর বাধা টপকে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে এই দলগুলো। মঙ্গলবার রাতে ইংল্যান্ড-জার্মানি ও ইউক্রেন-সুইডেন ম্যাচের পর শেষ আটের লাইনআপ নির্ধারিত হয়েছে। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ইংল্যান্ড ও অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ইউক্রেন উঠেছে পরের পর্বে।
ইংল্যান্ড ও ইউক্রেনের আগেই শেষ আটের টিকিট পেয়েছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন ও সুইজারল্যান্ড। এদের মধ্যে কোন এক দল আগামী ১২ জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামে করবে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস। যে গ্রুপ অব ডেথ নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি সেই গ্রুপের কেউই শেষ আটে জায়গা করে নিতে পারেনি। মূলত ওই গ্রুপেই ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ও অন্যতম ফেভারিট ফ্রান্স। সঙ্গে ছিল জার্মানি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি কেউ। বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই।
নেদারল্যান্ডস ও ফ্রান্সকে হারিয়ে চমক দেখিয়েছে চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ডের মতো দলগুলো। শুরুতে ক্রিস্টিয়ান এরিকসেনকে হারিয়ে ধাক্কা খাওয়া ডেনমার্ক মাথা তুলে দাঁড়িয়ে নিশ্চিত করেছে শেষ আটের টিকিট। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ডেনমার্ক। একই দিনে রোমের স্তাদিও অলিম্পিকোয় চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
