অনলাইন ডেস্ক।।
দেশে জনসংখ্যার বৃদ্ধির হার আগের বছরগুলোর তুলনায় কমেছে। দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। ২৮ জুন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরো সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে ২০২০ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮২ লাখ ২ হাজার জন। জরিপে দেখা গেছে, এবার জনসংখ্যা বৃদ্ধি কমেছে। যেখানে স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে এক হাজার ১৪০ জন। আগের বছর ছিল এক হাজার ১২৫ জন।
প্রকাশনায় জানানো হয়েছে, ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩০, গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর, নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর, পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। এতে আরো জানানো হয়েছে, মোট প্রজনন হার ২ দশমিক ০৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃ মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ, ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ২ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
