অনলাইন ডেস্ক।।
শেষ পর্যন্ত কালো টাকা সাদার সুযোগ রইল। এই সুযোগ রেখেই আজ (২৯ জুন) জাতীয় সংসদে পাস হয়েছে অর্থবিল ২০২১। আজ মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বিল পাস হয়।
তবে বিলে সুযোগ রাখা হলেও চলতি বছরের মতো ঢালাওভাবে কালো টাকা সাদা করা যাবে না। শেয়ারবাজার, ফ্ল্যাট ও জমি কেনাসহ আরও কয়েকটি খাতে বিনিয়োগের ক্ষেত্রেই কেবল এই সুযোগ প্রযোজ্য হবে।
অন্যদিকে কালো টাকা সাদা করতে হলে আগামী বছর করও গুণতে হবে বেশি। এবার কালো টাকা সাদা করার জন্য ২৫ শতাংশ কর দিতে হবে। এর সঙ্গে আরও ৫ শতাংশ জরিমানা থাকবে। চলতি বছরের বাজেটে শুধু ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল।
১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থ বছরের যে বাজেট প্রস্তাব করেছিলেন তাতে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ ছিল না। তবে শেষ পর্যন্ত কয়েকটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ রেখে অর্থবিল পাস হয়।
অর্থবিল পাসের সময় সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।
অর্থনীতিবিদসহ সুশীল সমাজের সদস্যরা সব সময় কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে আসছেন। তাদের মতে, এই সুযোগ দুইভাবে সমাজ ও অর্থনীতির ক্ষতি করছে। প্রথমতঃ কালো টাকা সাদা করার সুযোগের কারণে আর্থিক অপরাধ বেড়ে যায়, অপরাধীরা ও আরও উৎসাহী হয়। অন্যদিকে এটি দুষ্টের লালন আর শিষ্টের দমনের মতো। এতে কর ফাঁকিবাজরা উৎসাহ পায়, অন্যদিকে সৎ করদাতারা উৎসাহ হারায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
