বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুরের কালকিনি উপজেলা, পৌর ও কলেজ শাখার নবগঠিত কমিটি ঘোষণা করেছে। কিন্তু এ কমিটিতে স্থান না পাওয়ায় স্থানীয় ছাত্রলীগের একাংশ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। তারা কমিটি গঠনের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চেয়ার-টেবিলও ভাংচুর করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জানা যায়, স্থানীয় অডিটরিয়াম হলরুমে দুই মাস আগে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলন করা হয়। এ সম্মেলনের ২ মাস পরে সোমবার রাতে বদিউজ্জামান বাকামিন খানকে সভাপতি, ইফতেখার আলম রিশাদকে সহ-সভাপতি ও শাহীন হোসেন ফকিরকে সাধারণ সম্পাদক করে কালকিনি উপজেলা ছাত্রলীগের কমিটি, সাকিবুল ইসলাম খলিলকে সভাপতি, সহ-সভাপতি এস.এম.তুহিন ও আবু সাঈদ সরদার লিখনকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের কমিটি এবং মেহেদি হাসান রনিকে সভাপতি, সহ-সভাপতি বি.এম.নাইম ইসলাম ও মহিন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি অনুমোদন করেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার।
কমিটি ঘোষণার পর পরই স্থানীয় এমপি আবদুস সোবহান গোলাপ সমর্থক পদ বঞ্চিত সাবেক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পলাশ বেপারী ও সাব্বির সরদারের নেতৃত্বে ‘নতুন কমিটি মানিনা, মানবো না’ শ্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সভা করেন। এ সময় বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুর করেন।
বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতা পলাশ ও সাব্বির সরদার কঠিন হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকদের বলেন, অযোগ্যদের দিয়ে কমিটি করায় আমরা বিক্ষোভ মিছিল ও আন্দোলন করেছি। আমাদের দাবি এ কমিটি ভেঙে যোগ্যদের দিয়ে করা হোক। তা না হলে আগামীতে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বাংলাদেশ জার্নালকে বলেন, অনেকে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করেও তাদের সেশন জটের সম্যসা রয়েছে। তারা হয়তো আবেগে আন্দোলন করেছে। ধীরে ধরে সব ঠিক হয়ে যাবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, পদবঞ্চিতরা উত্তেজিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও (সংরক্ষিত মহিলা আসন) এমপি, অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকি জানান, এই ঘটনা নিজেরা নিজেরা করেছে, পরে সব ঠিক হয়ে যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল