নিউজ ডেস্ক।।
ফেনীর পরশুরামে ডোবা থেকে মো. ইয়াছিন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পরশুরাম পৌর এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবালের বাড়ির পাশে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. ইয়াছিন পরশুরাম পৌর এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন দারুল আমান মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ইকবাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন। গ্রেপ্তার ইকবাল হোসেন পরশুরাম পৌরসভার উত্তর বাজার এলাকার মফিজ মিয়ার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিহত মো. ইয়াছিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার মো. ইউসুফের ছেলে। ইউসুফ পেশায় বাবুর্চি’র কাজ করেন। কাজের সূত্রে তিনি ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়া গ্রামে প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করছেন।
নিহত শিশুর বাবা ইউসুফ জানান, শুক্রবার সকাল থেকে ইয়াছিনের খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দুপুরে ইয়াছিনের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। সন্ধ্যায় জনৈক এক ব্যক্তি শিশু ইয়াছিনের পায়ের জুতা দেখতে পেয়ে তাদের পরিবারকে খবর দেয়।
এসময় তারা প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন শিক্ষক ইকবালের বাড়ীর উত্তর পাশে ডোবায় ইয়াছিনের মরদেহ দেখতে পায়।
ওসি মু. খালেদ হোসেন জানান, খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় নিহত শিশুর বাবা ইউসুফ বাদী হয়ে শিক্ষক ইকবাল হোসেনকে আসামি করে শুক্রবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ওই মামলায় পুলিশ রাতেই ইকবালকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ইকবালকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
