এইমাত্র পাওয়া

দুপুরে খাবার পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি।।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ২০১৯ সালের স্কুল মিল পলিসি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে মিড-মে মিল বাস্তবায়ন করা হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পরবর্তী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান।

এদিন বিকেল ৩টায় অধিবেশন শুরুর পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রস্তাবিত বাজেট পেশন করেন অর্থমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, এ বছর বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। আর প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।

তিনি আরো বলেন, স্কুল মিল পলিসি ২০১৯-এর আলোকে আমরা স্কুল মিল প্রকল্প, ৬৪ জেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প, কোভিড-১৯ স্কুল সেক্টর রেসপন্স প্রকল্প এবং সাপোর্ট টু কোয়ালিটি এনহান্সমেন্ট ইন প্রাইমারি এডুকেশন প্রকল্প বাস্তবায়ন করব। এ ছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০৯টি আইসিটি ল্যাব স্থাপন প্রকল্প বাস্তবায়ন আগামী অর্থবছরেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২১-২২ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। যা বর্তমান অর্থবছরে (২০২০-২১) ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৩৬৮ কোটি টাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.