এইমাত্র পাওয়া

দাম প্রকাশ করে দেওয়ায় চীনের ভ্যাকসিন পাওনা নিয়ে সংকট

নিজস্ব প্রতিনিধি।।

বাণিজ্যিক স্বার্থে চীন বলেছিল কোন অবস্থাতেই যেন সিনোফার্মের টিকার দাম প্রকাশ না করা হয়। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দামে তারা টিকা সরবরাহ করছে। কিন্তু বাংলাদেশের একজন কর্মকর্তা ১০ ডলার মূল্যে চীন থেকে টিকা আনা হচ্ছে- এ তথ্য প্রকাশ করলে ভ্যাকসিন পাওয়া নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকার চূড়ান্ত চুক্তি এক সপ্তাহের মধ্যে হওয়ার কথা ছিল। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সিনোফার্ম ১০ ডলার মূল্যে টিকা সরবরাহে সম্মত হয়েছিল। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এই তথ্য প্রকাশের পর শ্রীলঙ্কা প্রথম আপত্তি জানিয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশকে ১০ ডলারে টিকা দেওয়া হলে শ্রীলংকার কাছে কেন ১৫ ডলার চাওয়া হচ্ছে? এ ছাড়া চীন বাংলাদেশের কাছে এক কূটনৈতিক পত্রে জানতে চেয়েছে-কেন দাম প্রকাশ করা হলো। বলা হয়েছিল দাম প্রকাশ করা হলে তারা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

চীন বলেছে, তাদের আশঙ্কা সত্যি হয়েছে। অনেক দেশই তাদের কাছে আপত্তি জানিয়েছে। এই পত্র যখন এলো তখন বাংলাদেশ দেড় কোটি ডোজ টিকা কেনার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। বিব্রতকর এই পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চীন এখনো এ ব্যাপারে সায় দেয়নি।

গত ২৭ মে মন্ত্রিসভা কমিটি সিনোফার্মের টিকা কেনার প্রস্তাবে সম্মত হয়। এর পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আখতার এক প্রেস ব্রিফিংয়ে টিকার দাম প্রকাশ করে দেন। কেন তিনি দাম প্রকাশ করলেন এ নিয়ে সরকারিভাবে তদন্ত হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের এক পর্যায়ে ড. শাহিদা আখতারকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে। চীনের তরফে ইতোমধ্যেই বলা হয়েছে এখন কিনতে হলে ১৫ ডলার দিতে হবে।

চীন ছাড়া অন্য কোনো দেশ দেড় কোটি ডোজ টিকা দিতে পারছে না। ভারতের সেরাম ইনস্টিটিউট অপরাগতা জানিয়ে গত মাসেই চিঠি পাঠিয়েছে। চুক্তি অনুযায়ী তিন কোটি ডোজ টিকা দেওয়ার কথা ছিল। মাত্র ৭০ লাখ ডোজ দেওয়ার পর সেরাম সরবরাহ বন্ধ করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রপ্তানি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর অচলাবস্থা তৈরি হয়েছে। শুধু বাংলাদেশ নয় এশিয়া-আফ্রিকার অনেক দেশ সংকটে পড়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.