এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা

কুবি প্রতিনিধি :

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩০ মে) শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর তারা প্রশাসনিক ভবনে তালা দিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় শিক্ষার্থীরা, ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইনে পরীক্ষা মানি না, মানবো না’,‘শিক্ষা নিয়ে তামাশা মানিনা, মানবো না’, এসব স্লোগান দিতে থাকেন।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিক চলছে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই আমাদের দাবি অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমিও তো ওদের (শিক্ষার্থীদের) সাথে একমত, খোলা উচিত। কিন্তু যেহেতু সরকারের তরফ থেকে এ ব্যাপারে বিধিনিষেধ আছে, সেহেতু মন্ত্রী মহোদয় (শিক্ষামন্ত্রী) এ ব্যাপারে আগামীকাল ৩টার সময় সমস্ত ভিসিদের সাথে কথা বলবেন। কথা বললে আমিও শিক্ষার্থীদের স্বপক্ষে, বিশেষত পরীক্ষাগুলোর ব্যাপারে বলবো।

শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা না দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষা আমরা গতবার যেভাবে নিয়েছি, সেভাবে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেয়ার পক্ষে আমি।

গত কয়েকদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা মানবন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে আসছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.