এইমাত্র পাওয়া

ভারী বর্ষণের আভাস

নিউজ ডেস্ক।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবণতা থাকায় নদীবন্দরে রয়েছে এক নম্বর হুঁশিয়ারি সংকেত।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় চাঁদপুর, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও খুলনা জেলা সমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ প্রশমিত হতে পারে। ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ০৮-১২ কিমি, যা অস্থায়ী দমকায় ৩০-৪০ কিমিতে উঠে যেতে পারে। বৃহস্পতিবার নাগাদ আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.