এইমাত্র পাওয়া

চাঁপাইনবাবগঞ্জে আরো ৭ দিন বাড়ল লকডাউন

নিউজ ডেস্ক।।

চাঁপাইনবাবগঞ্জে আরো সাতদিন বেড়েছে লকডাউন। এর আগে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ২৪ মে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। যা আজ ৩১ মে শেষ হচ্ছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, স্বাস্থ্য বিশেজ্ঞদের পরামর্শে জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই লকডাউন বাড়ানো হয়েছে। এটা চলবে আগামী ৭ জুন পর্যন্ত। চলমান লকডাউনেও ১১ দফা নির্দেশনা বহাল থাকবে।

তিনি আরো জানান, লকডাউনে গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আরো নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে লকডাউন চলাকালে জরুরি পরিসেবা চালু থাকবে।

জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।

কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। এছাড়া শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।

আগামী সাতদিন বাইরের জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না। অর্থাৎ আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.