চীনের রোবটযান জুরং মঙ্গলে নামল

নিউজ ডেস্ক।।

চীনের মানুষবিহীন রোভার ‘জুরং’ সফলভাবে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে লাল গ্রহটিতে রোভার নামাতে সাফল্য পেল চীন।

সিনহুয়া জানিয়েছে, মঙ্গলের উত্তর গোলার্ধের যে বিস্তৃত ভূখণ্ডকে ইউটোপিয়া প্লানিশা নাম দেওয়া হয়েছে, শনিবার ভোরে সেই এলাকায় অবতরণ করে ছয় চাকার সৌরবিদ্যুতচালিত রোবট যান ‘জুরং’।

সিএনএন জানিয়েছে, ২৪০ কেজি ওজনের এই রোবটযানের নাম দেওয়া হয়েছে চীনের অগ্নিদেবতার নামে। এই রোভারে আছে ছয় ধরনের বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম।

ল্যান্ডার থেকে মঙ্গলের মাটিতে নামার পর শুরু হবে জুরংয়ের তিন মাসের অভিযান, যার লক্ষ্য সৌরজগতের চতুর্থ গ্রহে কখনো প্রাণের সঞ্চার হয়েছিল কি না, তা খুঁজে বের করা। এ লক্ষ্যে শক্তিশালী একটি রাডার ব্যবহার করে মঙ্গলের মাটি, মাটির নিচের পানি ও বরফ এবং বায়ুমণ্ডল পরীক্ষা করবে রোভারটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.