করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখন থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়েও অনলাইনে পরীক্ষা নিতে পারবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জুম বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মূনাজ আহমেদ নূর গণমাধ্যমকে বলেন, বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে যারা চাইবে তারা অনলাইনে শুধু একাডেমিক পরীক্ষাগুলো নিতে পারবে। তবে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে অনুমোদন নিতে হবে।
উপাচার্য ড. মূনাজ জানান, ইউজিসির টেকনিক্যাল কমিটি অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য একটি গাইডলাইন তৈরি করেছে। সব বিশ্ববিদ্যালয়কে এটি ফলো করে পরীক্ষা নিতে হবে।
এদিকে ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা জানান, এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে যা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় সেটা পরিপত্র আকারে জারি করলে তা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হবে।
দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। তার দশদিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এর আগের দিন থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় সেই ছুটির সময়সীমা বাড়ানো হয়।
আগামী ২৩ মে স্কুল-কলেজ ও ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে সরকার। তবে করোনার দ্বিতীয় আঘাত শুরু হওয়ায় ওই তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, তা নিয়ে অনিশ্চত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
