এইমাত্র পাওয়া

৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, বন্দরে ২ নম্বর সংকেত

নিউজ ডেস্ক।।

আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার রাতে এক পূর্বাভাসে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি দেশের অন্যত্র ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

এ অবস্থায় দেশের নদীবন্দরগুলোকে কোথাও ২ নম্বর এবং কোথাও ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কুষ্টিয়া, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুমিল্লা, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অপরদিকে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে লঘুচাপের বর্ধিতাংশ। আর দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে স্বাভাবিক লঘুচাপ।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি।

উল্লিখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া ঢাকায় দক্ষিণ-পশ্চিম দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকতে পারে। যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারে উঠে যেতে পারে।

আগামী শুক্রবার পর্যন্ত দেশের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। একই সঙ্গে বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.