নিজস্ব প্রতিবেদক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও কলামিস্ট তারেক শামসুর রেহমানের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তবে এখনো চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগের তার হার্ট অ্যাটাক হয়েছিল। এর পর তিনি মেঝেতে পড়ে যান এবং এতে তার মাথার হাড় ভেঙে রক্তক্ষরণে মৃত্যু হয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম রেজা তারেক শামসুর রেহমানের মরদেহের ময়নাতদন্ত শেষে এমন ধারণা দেন।
এর আগে রোববার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অধ্যাপক রেহমানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ডা. সেলিম রেজা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকের পর বাথরুমের সামনে পড়ে যান। এতে মাথায় আঘাত পান এবং মাথার হাড় ভেঙে ভেতরে রক্তক্ষরণ হয়। উনি ডান কাত হয়ে পড়ে যান এবং সে কারণে ডান হাতে আঘাত পেয়েছেন।’
তবে ময়নাতদন্তের রিপোর্ট চূড়ান্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান।
এর আগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরার নিজ ফ্ল্যাট থেকে দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তিনি ছাড়া তার ফ্ল্যাটে কেউ ছিল না। তার পরিবারের অন্য সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ছিলেন তারেক শামসুর রেহমান। দুই বছর আগে অবসরে যান তিনি।
দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তার খ্যাতি রয়েছে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে তার অনেক গ্রন্থ রয়েছে। বই লেখার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন তারেক শামসুর রেহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা তারেক শামসুর রেহমান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী। তুলনামূলক রাজনীতি তার আরেকটি গবেষণার বিষয় ছিল।
দেশের প্রখ্যাত এই কলামিস্টের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- গণতন্ত্রের শত্রু-মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, বাংলাদেশঃ রাজনীতির চার দশক, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশঃ রাষ্ট্র ও রাজনীতি, উপআঞ্চলিক জোট, বিশ্ব রাজনীতির ১০০ বছর বাংলাদেশঃ রাজনীতির ২৫ বছর, গঙ্গার পানি চুক্তিঃ প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত-বালাদেশ সম্পর্ক ইত্যাদি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
