হ্যাকারের কবলে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফেসবুক ব্যবহারকারী ৪৮৫ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে থাকা তথ্য ফাঁস হয়েছে। এ তালিকায় বাংলাদেশের রয়েছে ৩৮ লাখ ফেসবুক ব্যবহারকারী।
এই তালিকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পরিচয় প্রোফাইলে উল্লেখ রয়েছ, এমন নোবিপ্রবির ৪৮৫ জন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক ঢাকার বেসরকারি ইউনিভার্সিটি অব স্কলার্সের কম্পিউটার সায়েন্স ও টেকনোলোজি বিভাগের কিছু শিক্ষার্থী হ্যাকিংয়ের শিকার নোবিপ্রবির ব্যবহারকারীদের নাম ও তালিকা আলাদাভাবে সংগ্রহ করে সময় নিউজকে জানান।
তালিকা অনুযায়ী নোবিপ্রবিতে অধ্যয়নরত ও কর্মরতদের মধ্যে ৪৮৫ জনের প্রকাশিত তথ্যগুলোর মধ্যে রয়েছে, ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, ঠিকানা, জন্মতারিখ, প্রোফাইল এবং কিছু ক্ষেত্রে ইমেইল ঠিকানা। এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
এতে তথ্যফাঁস হওয়া ব্যবহারকারীদের প্রাইভেসি লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন নোবিপ্রবি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান। তিনি বলেন, এতে তাদের নানাভাবে হয়রানির এবং হেনস্তার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে নোবিপ্রবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সালাউদ্দিন পাঠান বলেন, এতে ফাঁস হওয়া নম্বরসমূহের সংশ্লিষ্ট সব নিরাপত্তায় হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে চক্রটির। এ সংক্রান্ত সব ক্ষেত্রে তথ্য ফাঁস হওয়া ব্যক্তিদের ক্ষতি করতে পারবে। এ ছাড়া কোনো অপরাধী চক্র ওই নম্বরসমূহের দ্বারা প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর অন্য ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের মাধ্যমে ক্ষতি করতে পারবে। এতে যে কাউকে লক্ষ্য করে তার সব তথ্য নিয়ে আলাদা প্রোফাইল রেডি করে তা অন্য জায়গায় ব্যবহারের সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, এতে তথ্য ফাঁস হওয়া ব্যক্তি নিজেকে রক্ষা করতে প্রোফাইলে থাকা নম্বরসমূহ যে কোনো সিকিউরিটি থেকে সরিয়ে সেসব জায়গায় নতুন নম্বর ব্যবহার করা উচিত। এ ছাড়া ক্ষতি বয়ে আনতে পারে প্রোফাইল থেকে এমন তথ্যসমূহ সরিয়ে সেগুলো অন্য কোথাও ব্যবহারে সচেতন হতে হবে।
পৃথিবীর ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর নাম রয়েছে হ্যাকিংয়ের তালিকায়। এসব তথ্য প্রকাশ করে একটি লো-লেভেল হ্যাকিং প্ল্যাটফর্ম প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এতে ব্যবহারকারীর ফোন নম্বরসহ অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত সব তথ্য ফাঁস করেছে চক্রটি। অনেকটা বিনামূল্যে এসব তথ্য অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১০৬ দেশের মধ্যে এতে সবচেয়ে বেশি ৩ কোটি ২০ লাখ তথ্য প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের। রয়েছে যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ ও ভারতের ৬০ লাখ ব্যবহারকারীর গোপনীয় তথ্য।
তবে ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল মন্তব্য প্রদান করেনি। এর আগে গত কয়েক বছরে বেশ কয়েকবার বিশ্বের বৃহত্তম এ সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ফাঁস হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
