অনলাইন ডেস্ক ||
সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ হাজার ৩০৪টি শিক্ষক পদে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের মিথ্যে আশ্বাসে কোন ব্যক্তি বা প্রতারকের সাথে লেনদেন না করতে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ।
এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে। প্রার্থী নির্বাচন, প্রার্থীর বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রার্থীদের নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে পদায়নসহ সকল কার্যক্রম নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার সিস্টেমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পাদন করা হবে। অসাধু ব্যক্তি বা চক্রের পক্ষে কোন প্রার্থীর অনুকূলে কাজ করার কোন সুযোগ নেই। কোন ব্যক্তি বা প্রতারকের মিথ্যা আশ্বাসে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে) মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে সম্প্রতি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি বা চক্র নিজেদের হীন স্বার্থসিদ্ধির জন্য এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে নিয়োগ প্রদানের নামে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগ করছে। যা আইনত দন্ডনীয় অপরাধ। শূন্যপদ সংশোধনের নির্ধারিত সময় ১৪ মার্চ শেষ হয়েছে। ফলে বর্তমানে শূন্যপদ সংশোধনের কোন সুযোগ নেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
