এইমাত্র পাওয়া

মওদুদ আহমদের মৃত্যুর প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক ||

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার চার্জশুনানির জন্য ধার্য ছিল।  ব্যারিস্টার মওদুদ আহমদ এ মামলার আসামি।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিন মওদুদ আহমদের মৃত্যুর বিষয়টি আদালতকে অবহিত করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার।  তারা একটি ডেড সার্টিফিকেটও দাখিল করেন। এরপর আদালত আগামী ২৫ মার্চ পুলিশকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে চার্জশুনানি করতে বলেন বিচারক।  তখন আইনজীবীরা জানান, মওদুদ আহমদ মারা যাওয়ায় তাদের মন খারাপ।  শুনানি করার মতোত পরিস্থিতি নেই।  এজন্য তারা আজ শুনানি করতে চান না। মানবিক দিক বিবেচনায় তারা সময় চান। আদালত ওই তারিখ খালেদা জিয়ার পক্ষে চার্জশুনানির দিনও ধার্য করেন।

এদিকে এদিন খালেদা জিয়ার পক্ষে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় মাসুদ আহম্মেদ তালুকদার হাজিরা দেন। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা  জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ ৷


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.